রাজশাহীতে রেললাইনের দুই ধারে উচ্ছেদ
রাজশাহী নগরের রেললাইনের দুই ধার দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের বস্তি উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকেই পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তবে কিছু রাজনৈতিক কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ না করায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিনের নেতৃত্বে গতকাল বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগের দিন অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে মাইকিং করা হয়। এই সময়ের মধ্যে কেউ কেউ তাঁদের কিছু জিনিস সরাতে পারলেও বেশির ভাগই গতকাল উচ্ছেদের মুখে পড়ে। সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের দড়িখরবনা থেকে কোর্ট স্টেশন পর্যন্ত রেললাইনের দুই ধারে গড়ে ওঠা দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানসহ কয়েক শ বাড়িঘর উচ্ছেদ করা হয়। তবে নগরের দড়িখরবনা এলাকায় গড়ে ওঠা রাজনৈতিক দলের কার্যালয় ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়নি। এ নিয়ে উচ্ছেদ হওয়া বস্তিবাসীরা ক্ষোভ প্রকাশ করেন।
বস্তিবাসী রেবেকা খাতুন বলেন, যাদের মাথা গোঁজার ঠাঁই নেই তাঁদের উচ্ছেদ করা হলো।
উচ্ছেদ অভিযান দলের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফিন বলেন, ‘বস্তিবাসীদের মানবিক দিকটি বিবেচনা করেই তাঁদের আমরা সরাসরি উচ্ছেদ না করে সময় দিয়েছিলাম।’