রাজশাহীতে রেশমশিল্পে দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ছয় মাসে সুতার দাম বেড়ে যাওয়ায় রাজশাহীর প্রায় ৭৫টি রেশম কারখানা বন্ধের উপক্রম হয়েছে। এ সময়ে চীন থেকে আমদানি করা সুতার দাম কেজিপ্রতি এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। ফলে বেশির ভাগ ক্ষুদ্র ও মাঝারি রেশম কারখানা প্রতিযোগিতায় টিকতে না পেরে এখন বন্ধের পথে। কিছু কারখানা আবার রেশম বাদ দিয়ে নাইলন ও রাবার সামগ্রী উৎপাদন শুরু করেছে। বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সহসভাপতি আবদুল জলিল জানান, রাজশাহীতে প্রিন্টিং ও বুনন মিলে ছোট-বড় প্রায় ১০০ রেশম কারখানা ছিল। এই কারখানাগুলো মূলত চীন থেকে আমদানি করা সুতার ওপর নির্ভর করেই চলত। ছয় মাস আগেও এক কেজি সুতার দাম ছিল দুই হাজার ২০০ টাকা। ছয় মাসের মধ্যে এই সুতার দাম বেড়ে তিন হাজার ৬০০ টাকায় দাঁড়ায়। এত চড়া দামে কেনা সুতা দিয়ে তৈরি করা কাপড়ের দামও বেড়ে যায়। এ সময় ক্ষুদ্র ও মাঝারি রেশম কারখানাগুলো বাজার হারাতে থাকে। ধীরে ধীরে কারখানার মালিকেরা তাঁদের কারখানাগুলো বন্ধ করে দিচ্ছেন। এ অবস্থায় রাজশাহীর প্রায় ৭৫টি শিল্প কারখানা বন্ধের উপক্রম হয়েছে। গত শুক্রবার সরেজমিন রাজশাহীর বিসিক শিল্প এলাকায় গিয়ে দেখা গেছে, বেশির ভাগ কারখানা বন্ধ। অনেক কারখানা কাপড় তৈরি না করে অন্য পণ্য উৎপাদন-প্রক্রিয়া শুরু করছে। ‘সুমন ফেব্রিকস’-এ গিয়ে দেখা গেছে, কারখানা কর্তৃপক্ষ রেশম কাপড় উৎপাদন বন্ধ করে নাইলনের জাল উৎপাদনের জন্য নতুন যন্ত্রপাতি স্থাপন করছে। কারখানার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, ২০টি তাঁতের মধ্যে মাত্র আট-দশটি চালু আছে। এগুলোও বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, সুতার দাম বেড়ে যাওয়ার কারণে আর বাজার পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বন্ধ করে দিতে হচ্ছে। বাংলাদেশ সিল্ক প্রিন্টিং ফ্যাক্টরিতে গিয়ে দেখা যায়, মাত্র দুটি শাড়িতে হাতে রং করার কাজ চলছে। কারখানার মালিক বাদশা বলেন, কারখানায় ১৬ জন নারীশ্রমিক রঙের কাজ করতেন। এখন দুজনেরও কাজ নেই। রিফা সিল্ক উইভিং অ্যান্ড প্রিন্টিং ফ্যাক্টরির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু শো-রুম খোলা রয়েছে। কারখানার স্বত্বাধিকারী সুফিয়া বেগমের স্বামী রজব আলী বলেন, চড়া দামে সুতা কিনে আর বাজার ধরে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে কারখানা বন্ধ করে দিতে হয়েছে। মেহেদী সিল্ক কারখানার সামনে গিয়ে দেখা গেছে, সেখানে রাবারের বস্তা পড়ে রয়েছে। কারখানার শ্রমিক জেরিন (১৮) বলেন, যন্ত্রপাতি বিক্রি করে দিয়ে কারখানা কর্তৃপক্ষ রাবার গলানোর কাজ শুরু করেছে।