রাজশাহীতে র্যাব পরিচয়ে চাঁদাবাজি দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরে র্যাব পরিচয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার বিকেলে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। র্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব সদস্যরা জানতে পারেন পিন্টু (৪৫) ও মুনসুর রহমান (৪০) নামের দুই ব্যক্তি র্যাব পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করছেন। রাত দেড়টার দিকে পিন্টু ও মুনসুরকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে তাঁদের নগরের রাজপাড়া থানায় সোপর্দ করা হয়। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌসী জানান, পিন্টু ও মুনসুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।