রাজশাহীতে র্যাবের হাতে জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল সোমবার র্যাবের অভিযানে বাংলা ভাইয়ের সহযোগী ও বাগমারা থানার চার মামলার পলাতক আসামি আবদুল মজিদ বল্টু ওরফে কিলার বল্টু (৩৫) গ্রেপ্তার হয়েছেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সূত্র জানায়, র্যাবের রাজশাহী ব্যাটালিয়নের জঙ্গি দমন শেলের অপারেশন দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, জেএমবির সদস্য পলাতক আসামি আবদুল মজিদ রাজশাহী মহানগরের রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় অবস্থান করছেন। র্যাব গতকাল বেলা পৌনে একটায় মহিষবাথান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
আবদুল মজিদ বাগমারা এলাকায় নিষিদ্ধ সংগঠন জেএমবির পলাতক সদস্যদের একত্র করে পুনরায় সংগঠিত করার জন্য কাজ করছিলেন। তিনি বিভিন্ন জায়গায় রাতে গোপন বৈঠক করতেন। সম্প্রতি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত হন। তাঁর অপতৎপরতায় এলাকায় যেকোনা সময় দাঙ্গা-হাঙ্গামা ও খুনসহ আইনশৃঙ্খলার বড় ধরনের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবদুল মজিদ রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখার ১২১ নম্বর তালিকাভুক্ত সর্বহারা দলের সদস্য ছিলেন। ২০০৪ সালে তিনি জেএমবিতে যোগ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামায়াত নেতা গ্রেপ্তার: নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জানান, জেলার বেলকুচি উপজেলা জামায়াতের রুকন, ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. মজনু মিয়াকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল দুপুরে ধুকুরিয়া বেড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।