রাজশাহীতে শাশুড়ির গায়ে এসিড নিক্ষেপ, জামাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর হাজরাপুকুর এলাকায় গত রোববার যৌতুকের টাকা না পেয়ে শাশুড়ির গায়ে এসিড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত সোমবার জামাই ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। শাশুড়ি মিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।মিনা বেগম জানান, চার বছর আগে হাজরাপুকুর এলাকার বজলুর রহমানের ছেলে ফারুকের সঙ্গে তাঁর মেয়ে রিমা খাতুনের বিয়ে হয়। ফারুক ফেরি করে সিলভারের হাঁড়িপাতিল বিক্রি করেন। বিয়ের সময় তাঁর মেয়েকে দুই ভরি স্বর্ণালংকারসহ ফারুককে নগদ ২০ হাজার টাকা দেন। বিয়ের পর আরও টাকার জন্য ফারুক তাঁর মেয়েকে নির্যাতন করতে থাকেন। গত ঈদুল ফিতরের কিছুদিন আগে ফারুক ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে রিমার ওপর অমানুষিক নির্যাতন করেন। এমনকি রিমাকে ওই ঈদের আগেই বাড়ি থেকে বের করে দেন। এ নিয়ে এলাকায় মীমাংসার উদ্যোগ নেওয়া হলে ফারুকের পরিবার সালিসে বসতে রাজি হয়নি। এ ব্যাপারে তিনি (মিনা বেগম) বাদী হয়ে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ফারুকের বিরুদ্ধে একটি মামলা করেন। এ মামলায় জামিন নিয়ে ফারুক তাঁর শ্বশুর জাবের আলীসহ পাঁচজনের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় গত শনিবার পুলিশ তদন্তে এলে স্থানীয় লোকজন ফারুকের বিরুদ্ধে সাক্ষী দেয়।মিনা বেগম জানান, গত রোববার রাতে প্রাকৃতিক কাজ সেরে ঘরে ফেরার সময় ফারুক তাঁর গায়ে পানির মতো কিছু নিক্ষেপ করে পালিয়ে যান। এতে শরীরে তিনি ভীষণ যন্ত্রণা অনুভব করেন।ওসিসির ইনচার্জ ও জরুরি মেডিকেল কর্মকর্তা গোপেন আচার্য জানান, মিনা বেগমের পিঠে ও ডান হাতের ২ থেকে ৩ শতাংশ এসিডে ঝলসে গেছে।মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা জানান, এ ঘটনায় মিনা বেগমের ছেলে শাহীন বাদী হয়ে গত সোমবার একটি মামলা করেছেন। ওই দিনই ফারুককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।