রাজশাহীতে শিক্ষক নিবন্ধনের প্রশ্ন ফাঁস!
রাজশাহীতে আজ শুক্রবার অনুষ্ঠিত স্কুল/সমপর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষার আগের দিন বৃহস্পতিবার এই পরীক্ষার প্রশ্নপত্রের চারটি সেট বিক্রি হয়েছে। পরীক্ষার পরে দেখা গেছে, এর মধ্যে থেকে একটি সেটের ১০০টি প্রশ্নের ৯৮টি মিলে গেছে।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাসে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। তবে আগের অন্যান্য পরীক্ষার চেয়ে এবার অনেকটা গোপনীয়তার মধ্যে প্রশ্নপত্র বিক্রি হয়েছে। অবশ্য সন্ধ্যার দিকে বিভিন্ন ফটোকপির দোকানে ১০ টাকায় একটি সেট বিক্রি হতে দেখা গেছে। তবে দোকানের সব সেটের সঙ্গে প্রশ্নপত্র হুবহু মেলেনি।
আজ সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম এক ঘণ্টায় নৈর্ব্যক্তিক, পরের তিন ঘণ্টায় ১০০ নম্বরের রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এই পরীক্ষায় নৈর্ব্যক্তিক অংশে ১০০ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি অংশে প্রশ্ন বিভক্ত থাকে। প্রতি অংশে প্রতিটি এক নম্বরের ২৫টি প্রশ্ন থাকে।
শিক্ষার্থীরা জানান, নৈর্ব্যক্তিক অংশে যারা পাস করেন, শুধু তাঁদেরই রচনামূলক খাতা দেখা হয়। এ জন্যই রচনামূলকের প্রশ্ন ফাঁস হয় না।
আজ শুক্রবার সকালে একটি ছাত্রাবাস থেকে পাওয়া ফাঁস হওয়া এক সেট প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার পরে মূল প্রশ্নপত্র মেলানো হয়। এতে দেখা যায়, বাংলার ২৫টি প্রশ্নের মধ্যে ফাঁস হওয়া প্রশ্নপত্রের প্রথম ২৪টি প্রশ্ন মিলে গেছে। ফাঁস হওয়ার প্রশ্নপত্রে ২৫টি প্রশ্নের পরে নতুন ক্রমিক নম্বর দিয়ে আরও অতিরিক্ত ২৫টি প্রশ্ন দেওয়া হয়েছে। যে প্রশ্নটি ওপরের ২৫টির মধ্যে নেই, সেটি অতিরিক্ত ২৫টির মধ্যে পাওয়া গেছে। সেটি হচ্ছে, কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ। তবে এর বিকল্প উত্তরগুলো অবশ্য প্রশ্নপত্রের সঙ্গে মেলেনি।
গণিতের অংশে বাংলার মতোই ২৫টি প্রশ্ন ছিল। ফাঁস হওয়া প্রশ্নে দেওয়া ছিল ২৪টি প্রশ্ন। এর সবই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। এই ২৪টি প্রশ্নের পরে নতুন ক্রমিক নম্বর দিয়ে আরও ২২টি প্রশ্ন দেওয়া রয়েছে।
সাধারণ জ্ঞান অংশে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ২৪টি প্রশ্ন দেওয়া ছিল। এর সবগুলোই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। তবে ফাঁস হওয়ার প্রশ্নপত্রের দুটি প্রশ্নের বিকল্প উত্তর দেওয়া ছিল না। প্রশ্ন দুটি হচ্ছে, ‘পেনিসিলিন আবিষ্কার করেন কে?’ ও ‘বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?’ এই অংশে নতুন ক্রমিকে আরও অতিরিক্ত ২৩টি প্রশ্ন দেওয়া রয়েছে।
ইংরেজি অংশে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ২৬টি প্রশ্ন দেওয়া রয়েছে। এর প্রথম ২৫টিই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে। এ ছাড়াও নতুন ক্রমিকে আরও ২১টি প্রশ্ন দেওয়া রয়েছে।
প্রশ্নপত্র ফাঁস হওয়ার কথা শুনে রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, রাজশাহীতে অত্যন্ত কড়াকড়ির মধ্য প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানো হয়েছে। রাজশাহীতে আসার পরে কোনোভাবেই প্রশ্ন ফাঁস হওয়া সম্ভব নয়। বিষয়টি তাঁরা তদন্ত করে দেখবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, সব ধরনের পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে চার ঘণ্টার অবস্থান কর্মসূচির ডাক দেন শিক্ষাবিদ, লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। সকাল আটটার দিকে স্ত্রী ইয়াসমীন হককে সঙ্গে নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন মুহম্মদ জাফর ইকবাল। এ সময় সেখানে তাঁর ভাই কার্টুনিস্ট আহসান হাবিব ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, খুদে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকেরা উপস্থিত ছিলেন। এ অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন প্রমুখ।