রাজশাহীতে শিডিউল কিনতে না পেরে ঠিকাদারদের বিক্ষোভ
রাজশাহীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় সাত কোটি টাকার ঠিকাদারি কাজের দরপত্রের শিডিউল বাবদ টাকা নিয়ে অর্থপ্রাপ্তির রসিদসহ তা সরবরাহ না করায় ঠিকাদারেরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে ঠিকাদারদের হাতে সওজের কোষাধ্যক্ষ লাঞ্ছিত হন। গতকাল বৃহস্পতিবার সওজের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষ গোপনে কেবল নির্দিষ্ট সংখ্যক ঠিকাদারদের শিডিউল সরবরাহ করে। রসিদ ছাড়া অর্থ গ্রহণ করে তা হাতিয়ে নেওয়ারও পরিকল্পনা থাকতে পারে। ঠিকাদারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী ১৯ মে পর্যন্ত শিডিউল কেনা ও জমা দেওয়ার সময় বাড়ানোর ঘোষণা দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে টোকেন নম্বর নিয়েছেন, এমন ঠিকাদারেরা শিডিউল নিতে পারবেন। জানতে চাইলে সওজের রাজশাহী কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গৌরচন্দ্র সাহা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিতর্ক এড়ানোর জন্য দরপত্রের শিডিউল কেনা ও জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এতে সরকারের রাজস্বও বাড়বে। এ ব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী আবু রওশন বলেন, দরপত্রের শিডিউল বিক্রির জন্য আটটি স্থান নির্ধারিত ছিল। এ জন্য সওজের বিভাগীয় কার্যালয়ে মাত্র ৫০টি শিডিউল রাখা হয়। কিন্তু গত বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ৪০০ ঠিকাদার শিডিউল কেনার জন্য টাকা জমা দেন। এর মধ্যে ১৫০ জন ঠিকাদার শিডিউল ও অর্থপ্রাপ্তির রসিদ পাননি। আর দরপত্র জমা পড়ে ২০টি। শিডিউল কিনেও দরপত্র জমা না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, হয়তো তাঁরা সমঝোতা হবে, এ আশায় শিডিউল কিনেছিলেন। সওজ সূত্রে জানা গেছে, ১২ এপ্রিল নওগাঁর নাজিপুর-ধামইরহাট-জয়পুরহাট সড়কের একটি সেতুর দরপত্র আহ্বান করা হয়। গতকাল বেলা ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। ঠিকাদারেরা অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কোষাধ্যক্ষ সুলতান উদ্দিন আহাম্মেদ দরপত্রের শিডিউল বাবদ তাঁদের কাছ থেকে পাঁচ হাজার ১০০ টাকা করে জমা নিয়ে একটি করে টোকেন নম্বর দেন। বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত শিডিউল ও অর্থপ্রাপ্তির রসিদ সরবরাহের শেষ দিন ছিল। কিন্তু কোষাধ্যক্ষ তা না দিয়ে গড়িমসি করতে থাকেন। বুধবার রাত আটটা পর্যন্ত বসিয়ে রেখে পরের দিন ভোরে আসতে বলেন। গতকালও শিডিউল ও অর্থপ্রাপ্তির রসিদ না পেয়ে দুই থেকে আড়াই শ ঠিকাদার দরপত্রে অংশ নিতে পারেননি।