রাজশাহীতে শিবির-পুলিশ সংঘর্ষ, দুই পুলিশ আহত

১৮-দলীয় জোটের অবরোধ চলাকালে রাজশাহীতে আজ সোমবার সকালে নগরের শালবাগান এলাকায় পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।আজ সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নগরের শালবাগান এলাকায় শিবিরের কর্মীরা বিদ্যুতের খুঁটি ও গাছের গুঁড়ি ফেলে রাজশাহী-নওগাঁ সড়ক অবরোধ করেন।এ সময় পুলিশ বাধা দিলে শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়েন।পুলিশ পাল্টা রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।তখন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।এতে পুলিশের দুই সদস্য আহত হন।পরে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গেলে শিবিরের কর্মীরা পালিয়ে যান।ঘটনাস্থল থেকে শিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, শিবিরের সঙ্গে সংঘর্ষে জান মোহাম্মদ ও সিদ্ধার্থ নামের পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছেন।
এদিকে সকালে নগরের অক্টোর মোড় এলাকায়ও পুলিশের সঙ্গে শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, সকালে শিবিরের কর্মীরা নগরের অক্টোর মোড় এলাকায় মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল ছোড়ে।পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আজ সকালে অবরোধ ও হরতালের সমর্থনে রাজশাহী নগরের কাদিরগঞ্জে মিছিল করেছেন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা।মিছিলটি সাহেববাজার এলাকা ঘুরে আবারো কাদিরগঞ্জ এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে সমাবেশ করে।এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।