রাজশাহীতে শিবিরের ঢিলেঢালা হরতাল
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ মঙ্গলবার রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের ডাকে ঢিলেঢালাভাবে অর্ধদিবস হরতাল পালিতে হয়েছে। এ সময় দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল নয়টার দিকে নগরের রাজশাহী কলেজের সামনে পিকেটিং করার সময় শিবির-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল ছোড়েন। পুলিশ পাল্টা কয়েকটি রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া নগরের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করার চেষ্টা করলেও পুলিশি তত্পরতায় শিবির-কর্মীরা টিকতে পারেননি।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহানের ভাষ্য, পিকেটাররা রাস্তায় দাঁড়াতেই পারেনি। তিনি রাজশাহী কলেজের সামনে গাড়ি থেকে নামতে নামতেই ওরা দৌড়ে পালিয়ে গেছে।
নগরের সাহেববাজার এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাড়া-মহল্লার দোকানগুলো খোলা ছিল। বাস টার্মিনাল এলাকা থেকে দুপুর ১২টার আগে কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাইরে থেকে কিছু বাস নগরে প্রবেশ করতে দেখা গেছে। সকাল থেকে বেশ কিছু ট্রাক চলাচল করেছে।
গত সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ডান পা কেটে গোড়ালি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। ইসলামী ছাত্রশিবির এ ঘটনার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের দায়ী করেছে। এই হামলার প্রতিবাদে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় আজ ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দেয় শিবির।