রাজশাহীতে শিবিরের ঢিলেঢালা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির মধ্যে রাজশাহীতে আজ রোববার ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে চলছে।

ভোরে হরতাল শুরুর আগেই শিবিরকর্মীরা আগুন জ্বালিয়ে ও ট্রাক ভাঙচুর করে বিক্ষোভ করেন। এরপর থেকে নগরের কোথাও হরতালকারীদের দেখা যায়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শিবিরের কর্মীরা নগরের হাদির মোড় এলাকায় রাজশাহী-নাটোর সড়কে টায়ার জ্বালিয়ে ও ইট ভেঙে বিক্ষোভ করতে থাকেন। প্রায় ১৫ মিনিট ধরে বিক্ষোভ করার পর তাঁরা সেখান থেকে চলে যান। একই সময়ে শিবিরের কর্মীরা নগরের খড়খড়ি বাইপাস এলাকায় একটি ট্রাকে ভাঙচুরের চেষ্টা চালান।

এদিকে ভোর সাড়ে ছয়টা থেকে রাজশাহীতে বৃষ্টি হচ্ছে।নগরে হালকা যানবাহন চলাচল করলেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায়ও আজ ঢিলেঢালাভাবে হরতাল চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহইয়াসহ আটক শিবিরের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই হরতালের আহ্বান করে ছাত্রশিবির।