রাজশাহীতে শিবিরের তাণ্ডব পুলিশের সঙ্গে সংঘর্ষ
রাজশাহীর বিভিন্ন স্থানে গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিবিরের নেতা-কর্মীরা নগরের সোনাদীঘি মনি চত্বরে রাস্তার পাশের চা ও পান-সিগারেটের ভ্রাম্যমাণ পাঁচ-ছয়টি টঙের দোকান রাস্তার মধ্যে এনে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করেন। একটি অটোরিকশা জ্বালিয়ে দেন।
অবরোধের সমর্থনে গতকাল বিএনপির নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন না। তবে দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুসহ কয়েকজন নেতাকে হাস্যোজ্জ্বল অবস্থায় মোটরসাইকেল নিয়ে নগরে ঘুরতে দেখা গেছে। ফলে সকাল থেকে শিবিরের নেতা-কর্মীরা নগরজুড়ে সরব ছিলেন।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, সকাল আটটার দিকে বিলশিমলার বন্ধ গেট, চারকুঠা রেলক্রসিং মোড় ও তালাইমারি এলাকায় শিবিরের নেতা-কর্মীরা রাস্তায় আগুন দিয়ে অবরোধ করলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবির কর্মীরা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটান। সকাল নয়টার দিকে শালবাগান এলাকায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন তাঁরা। এ সময় একটি মিশুকে (অটোরিকশা) পেট্রল ঢেলে পুড়িয়ে দেয়।
এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরের বিনোদপুর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ও বিনোদপুর বাজারের কয়েকটি দোকানপাটে আগুন লাগিয়ে দেন। তাঁরা নগরের ডিঙ্গাডোবা ও দাসপুকুর এলাকার প্রায় পাঁচ কিলোমিটার সড়কে কাঠের গুঁড়ি ও ময়লা-আবর্জনা ফেলে অবরোধ করেন।