রাজশাহীতে শিবিরের ভাঙচুর হামলা, রেহাই পায়নি শিশুও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছরের ছেলে সালমান ফারসী খানকে পাশে বসিয়ে বাবা সরফরাজ নেওয়াজ খান গাড়িয়ে চালিয়ে রাজশাহী নগরের নিউমার্কেট এলাকা থেকে সাহেববাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় নগরের রানীবাজার মাদ্রাসা মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে গাড়ি ভাঙচুর করতে করতে আসছিল ছাত্রশিবিরের মিছিল। শিশুটিকে বহনকারী ব্যক্তিগত গাড়িটি (প্রাইভেট কার) তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের হামলায় শিশুসহ অটোরিকশার চার চালক ও যাত্রী আহত হন।

এ ছাড়াও শিবির কর্মীরা পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেন। তাঁদের হামলায় গাড়ির ভাঙা কাচের আঘাতে শিশু সালমানের নাক, ডান হাতের আঙুল ও বাঁ হাতের কনুই জখম হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তাদের বাড়ি নগরের ঘোষপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে নগরের গণকপাড়া এলাকায় শিবির কর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিল বের করেন।

মিছিল নিয়ে তাঁরা সাহেববাজার জিরো পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। সংঘর্ষ বাধলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা বাটার মোড়-রানীবাজার হয়ে পালিয়ে যান। যাওয়ার পথে তাঁরা ব্যক্তিগত গাড়ি ও পাঁচটি অটোরিকশা ভাঙচুর করেন। একই সঙ্গে তাঁরা পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়ান। মুহূর্তের মধ্যে আশপাশের সব দোকানপাট ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ওই এলাকায় তল্লাশি চালিয়ে শিবির কর্মী সন্দেহে তিনজনকে আটক করেছে। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে ছাত্রশিবিরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হোসেনের নিঃশর্ত মুক্তি এবং রাজশাহী মহানগরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম ওরফে মাসুমসহ গ্রেপ্তার নেতাদের আদালতে হাজির ও নিঃশর্ত মুক্তির দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম।

এদিকে বেলা সোয়া দুইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে থেকে ঝটিকা মিছিল বের করেন শিবির কর্মীরা। মিছিল থেকে তাঁরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ জানান, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে শিবিরের মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। মিছিল থেকে একজনকে আটক করা হয়েছে।