রাজশাহীতে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ছবি: শহীদুল ইসলাম

রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় সাত-আটজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে।

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিসহ আটক আট নেতার মুক্তির দাবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ২০০টি গুলি ছোড়ে। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার ভোররাতে রাজশাহী নগরের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারিসহ আট নেতা-কর্মীকে আটক করা হয়। এ সময় র্যাব সেখান থেকে একটি পিস্তল, আটটি গুলি, ১৩টি ককটেল, দেশীয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেছে।