রাজশাহীতে শিবিরের হামলা সাংবাদিকসহ আহত ৫
রাজশাহীতে হাউজির আসরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় যুবলীগের কার্যালয়ে শিবির ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়েছে। গত সোমবার রাতের ওই হামলায় সাংবাদিকসহ যুবলীগের অন্তত পাঁচজন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তাওহীদ আল মাসুদ ও ফটোসাংবাদিক সামাদ খান বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় পৃথক দুটি মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে জেলা স্টেডিয়ামের পাশে ব্যায়ামাগারে প্রতিদিনের মতো হাউজি খেলা চলছিল। এ সময় রাজশাহী পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিলের নেতৃত্বে ৩০-৪০ জন আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ১৫ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তারা সেখানে যুবলীগের কর্মী মনির ও রাজীবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে যুবলীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হলে তাদের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শাকিল বাহিনী পাঁচটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ও সাত-আটটি গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি নিয়ে ছাত্রশিবিরের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। হামলার সময় ছবি তুলতে গিয়ে স্থানীয় পত্রিকা সানশাইন-এর আলোকচিত্রী সামাদ খান মারধরের শিকার হন। তাঁর মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে শাকিল ও তাঁর লোকজন পালিয়ে যান। নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, হাউজি খেলায় আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রশিবিরের লোকজন এ হামলা চালায়। সঙ্গে বিএনপির লোকজনও ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।