রাজশাহীতে শিশুপার্কের সামনের স্থাপনা উচ্ছেদ
নগরের শহীদ জিয়া শিশুপার্কের সামনের স্থাপনা গতকাল শনিবার উচ্ছেদ করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মতুর্জা আল মুয়িতের নেতৃত্বে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৩০টি দোকানঘর গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সিটি করপোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পার্কের প্রবেশপথ প্রশস্ত করা এবং পার্ক সম্প্রসারণের লক্ষ্যে সিটি করপোরেশনের অধিগ্রহণ করা জমিই দখলমুক্ত করা হয়েছে।
তবে ওই জমির মালিক মেরশাদ আলীর অভিযোগ, সিটি করপোরেশন শিশুপার্ক করার পর ৯০ কাঠা জমি অধিগ্রহণ করার ঘোষণা দিয়েছে। এর মধ্যে তাঁর তিন কাঠা জমি আছে। এ ছাড়া সেখানে আরও বেশ কয়েক ব্যক্তির জমি মালিক আছে।
মেরশাদ আলী বলেন, তাঁরা ২০০২ সালে এই জমি কেনেন। আর পার্ক স্থাপন করা হয় ২০০৫ সালে। পার্কের জন্য তাঁদের জমি অধিগ্রহণে ওই বছরই ৬ ধারা ও ৩ ধারায় নোটিশ দেওয়া হয়। মাত্র ১ লাখ ৫ হাজার টাকা কাঠা হিসেবে জমির দাম ধরা হয়। কিন্তু বাস্তবে এই দামে এ এলাকায় জমি কিনতে পাওয়া যাবে না। এ জন্য তাঁরা কেউই অধিগ্রহণের টাকা উত্তোলন করেননি। অধিগ্রহণ কার্যক্রম স্থগিত করার জন্য ২০১২ সালে তিনিসহ নয়জন আদালতে মামলা করেন। ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট তাঁদের চার সপ্তাহের সময় দেন। কিন্তু সেই সময় পার হওয়ার আগেই আদালতের আদেশ অমান্য করে তাঁদের স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।
মেরশাদ আলীর অভিযোগ, একই দাগে অপর এক ব্যক্তি সাততলা ভবন নির্মাণের কাজ করছেন। অথচ সিটি করপোরেশনের কর্মকর্তারা তাঁর জমি অধিগ্রহণ করছেন না।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, আদালতে কোনো মামলা আছে কি না তাঁদের জানা নেই।