রাজশাহীতে শেষ হলো অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব
রাজশাহী থিয়েটারের নাটক কুটুস কাটুস মঞ্চায়নের মাধ্যমে গতকাল রোববার রাজশাহীতে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী ‘অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব’। নগরের ঘোড়ামারা এলাকায় অবস্থিত পদ্মা মঞ্চে রাজশাহী থিয়েটার এই উৎসবের আয়োজন করেছিল।
উৎসবের শেষ দিন গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয়ে রাজশাহী থিয়েটার প্রযোজিত নাটক কুটুস কাটুস। নাটকটি রচনা করেছেন নিতাই কুমার সরকার। নাটকের প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর নবুওত আলী, ফেরদৌসী খাতুন, নূর আলম, সোনিয়া সরকার, কানাইলাল মণ্ডল, রিয়াফিল হাসান, মোসাব্বির, আব্দুল্লাহ হেল বাকী ও সিনথিয়া। একই মঞ্চে এর আগে মঞ্চস্থ হয়েছে ঢাকার নাট্য তীর্থ দলের নাটক দ্বীপ, বগুড়া থিয়েটারের কোর্ট মার্শাল ও ভারতীয় নাট্যদল ‘রবীন্দ্রনগর নাট্যায়ুধ’-এর নাটক রাস্তা ও চৌ ম্যাকবেথ।
গতকাল নাটক শেষে উৎসবের সমাপনী আলোচনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষাসৈনিক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত উচ্চাঙ্গসংগীতশিল্পী পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, স্বাধীনতা পদকের জন্য নির্বাচিত নৃত্যগুরু বজলুর রহমান, কবি ও গবেষক তসিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী থিয়েটারের সভাপতি কামার উল্লাহ সরকার। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনকি ইতিহাসচর্চার পথিকৃৎ অক্ষয়কুমার মৈত্রেয়র জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১ মার্চ রাজশাহী থিয়েটার এই উৎসবের আয়োজন করবে এবং আগামী দিনে এই উৎসব আরও বড় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। ১ মার্চ উৎসবের উদ্বোধন করেছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।