রাজশাহীতে শয়নকক্ষ থেকে সেবিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কেসবপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে গত বুধবার রাত ১২টার দিকে ক্লিনিকের সেবিকা সোহেলি খাতুনের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন বাড়ির মালিক খোকন (৪০), ক্লিনিকের কর্মচারী অভি (১৮) ও হেলাল (৪০)। সোহেলির লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে পবা উপজেলার নওহাটার একটি ক্লিনিক থেকে সোহেলি ও বেলি স্থানীয় সৌদিয়া ক্লিনিকে চাকরি নিয়ে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করতেন। এখানে তাঁরা খোকন নামের এক ব্যক্তির বাড়ির দোতলায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকে বেলি পলাতক। পুলিশ আরও জানায়, সর্বশেষ গত মঙ্গলবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সোহেলি ক্লিনিকে দায়িত্ব পালন করেছেন। তার পর থেকে তাঁদের কেউ আর ক্লিনিকে যাননি। এরই মধ্যে গত বুধবার রাত ১২টার দিকে খবর পেয়ে শয়নকক্ষ থেকে সোহেলির লাশ উদ্ধার করে পুলিশ।রাজপাড়া থানার উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ জানান, সোহেলির বাড়ি নাটোর জেলার ছাতনি দক্ষিণপাড়ার ভাটপাড়া গ্রামে। তাঁর বাবা মৃত আবদুল জব্বার। হত্যাকাণ্ডের ঘটনায় সোহেলির বোন কাঞ্জুরা বেগম বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।