রাজশাহীতে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। অবরোধকারীরা পুলিশের ব্যবহূত একটি গাড়িতে আগুন দিয়েছে। এ ঘটনায় পুলিশের এক সদস্য গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে নগরের কোর্ট স্টেশন এলাকায় অবরোধকারীরা লাঠি মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মিছিলকারীরা পুলিশের ব্যবহূত একটি হিউম্যান হলারে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সকাল নয়টার দিকে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় নগরীর রাজপাড়া থানার কনস্টেবল শামসুল গুরুতর আহত হয়েছেন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষে অবরোধকারীদেরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

ভোর সাড়ে ছয়টার দিকে নগরের অক্টোর মোড় এলাকায়ও অবরোধকারীদের সঙ্গে পুলিশের কিছুটা সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।