রাজশাহীতে সওজের ২০ হাজার গাছ উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) রাজশাহীর বৃক্ষ পালন বিভাগ থেকে রাজশাহী বাইপাস সড়কের ধারে ২০ হাজার গাছ লাগানোর বিল তোলা হয়েছে। কিন্তু বাস্তবে ওই সড়কে দুই বছর বয়সী গাছ নেই বললেই চলে। অথচ শর্ত অনুযায়ী গাছ লাগানোর দুই বছর সময় পার হওয়ায় ঠিকাদার জামানত ও বিল তুলে নিয়েছেন।সওজ রাজশাহীর নির্বাহী বৃক্ষ পালনবিদের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের মার্চ মাসে রাজশাহী শহর পাইপাস সড়কের কাশিয়াডাঙ্গা থেকে বেলপুকুর পর্যন্ত ১০ কিলোমিটারে ২০ হাজার গাছ লাগানোর জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় নগরের দাশপুকুর এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এইচ আর অ্যান্ড বি বি অ্যান্ড কোম্পানি। শর্ত অনুযায়ী কাঠ ও ফলজ গাছ যেমন—মেহগনি, কড়ই, আকাশমনি, কাঁঠাল, নিম, রেইনট্রি, মেনজিয়াম, গামারি, জারুল ইত্যাদি লাগানোর কথা। গাছের উচ্চতা হতে হবে ১ দশমিক ৫২ থেকে ১ দশমিক ৮২ মিটার। রোপণের পর দুই বছর পর্যন্ত এগুলোর পরিচর্যা ও পাহারা দিতে হবে। এর জন্য প্রতি কিলোমিটারে একজন করে মালী নিয়োগ করার কথা। গাছ লাগানো, পরিচর্যাসহ এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ছিল নয় লাখ ৩০ হাজার ৬০০ টাকা। প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫৫ শতাংশ কম মূল্যে চার লাখ ২৬ হাজার টাকায় প্রকল্প বাস্তবায়নের কাজ পান। ঠিকাদার ওই বছরের মে মাসে কাজ শুরু করেন।ঠিকাদারি প্রতিষ্ঠানটি ইতিমধ্যে জামানতসহ পুরো বিল তুলে নিয়েছে। কিন্তু গত সোমবার সড়কের ওই অংশ ঘুরে ২০ হাজার গাছের স্থলে দুই বছর বয়সী ২৫০ থেকে ৩০০ গাছ দেখা গেছে।পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সাবেক সদস্য আতাউর রহমান বলেন, এত গাছ তো এ রাস্তায় লাগানো হয়নি। অল্প কিছু গাছ লাগানোর পর আর কেউ পরিচর্যা করেনি। এর মধ্যে কিছু এমনিতেই মরে গেছে এবং কিছু গাছ লোকজন তুলে নিয়ে গেছে।ঠিকাদার জাহিদ হাসান বলেন, ২০ হাজার গাছই লাগানো হয়েছিল। কিন্তু রাস্তার পাশে গরুর হাট বসায় এর আশপাশের গাছ রক্ষা করা যায়নি। তা ছাড়া ওই সড়কে গ্যাসের লাইন বসানো এবং কার্পেটিং করায় গাছ নষ্ট হয়ে গেছে। সব জায়গার গাছ রাখা যাচ্ছে না। তার পরও যেগুলো মারা গেছে, সেখানে আবার গাছ লাগিয়ে দেওয়া হয়েছে।নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, নিরীক্ষা মোকাবিলার জন্য চলতি বছরের আগস্ট মাসে সড়কের ওই অংশে দুই হাজার ২০০ গাছ লাগানো হয়। এ গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। নগরের কাঁঠালবাড়িয়া এলাকার আজাদ আলীকে এসব গাছ পাহারায় গত সেপ্টেম্বর মাসে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি বলেন, মাসিক সাড়ে তিন হাজার টাকা বেতনে সওজ তাঁকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছিল। কিন্তু দুই মাস পরই তাঁকে বিদায় করে দেওয়া হয়েছে।সওজ রাজশাহীর উপবিভাগীয় বৃক্ষপালনবিদ সিদ্দিকুর রহমান বলেন, গাছ লাগানো হয়েছিল। গাছেরও তো প্রাণ আছে, মরে যেতে পারে! তিনি আরও বলেন, ঠিক নিরীক্ষা মোকাবিলার জন্য নয়, নষ্ট গাছের জায়গায় ঠিকাদারকে দিয়ে ফের কিছু গাছ লাগানো হয়েছিল। দুই মাস পর পাহারাদারকে বাদ দেওয়া প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, ‘আসল কাজের মেয়াদ তো পার হয়ে গেছে। আমরা সাময়িকভাবে পাহারাদার আজাদ আলীকে নিয়োগ দিয়েছিলাম। সেই জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে।’