রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর মোহনপুর, পুঠিয়া ও পবায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার কলেজ শিক্ষকসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেশরহাটে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁরা হলেন, কেশরহাট ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন (৪৫), মহব্বতপুর গ্রামের ইয়াকুব আলী (৪০) ও আমরাইল গ্রামের আকবর হোসেন (৪৩)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের সবাই ভটভটির যাত্রী ছিলেন।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সকাল সাড়ে ৬টার দিকে মতিহার থানার কাটাখালি পৌরসভার কুখন্ডি বাইপাস সড়কে ট্রাকের ধাক্কায় রিকশা ভ্যান উল্টে পাঁচজন আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জয়নাল (৩৫) নামের এক যাত্রী মারা যান। তিনি ভ্যানে ছিলেন। আহত অপর ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
পুঠিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ফজলুল হক জানান, সকাল সাড়ে পাঁচটার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ফাঁড়ির সামনে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে রাজশাহীগামী কাপড়বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা গেছেন।
নগরের রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক খবির উদ্দিন জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা সদরের নাজমুল হক (৩২) ও তার শ্বশুর উপজেলার ইসলামপুর গ্রামের মিজানুর রহমান হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। স্বজনেরা তাঁদের লাশ নিয়ে গেছেন। এরা পাবনার আতাইকুলা থেকে কাপড় নিয়ে নাচোল যাচ্ছিলেন। এ ঘটনায় আহত পিকআপ চালকের পরিচয় পাওয়া যায়নি। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।