রাজশাহীতে সভায়, খাগড়াছড়িতে প্রচার গাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবা উপজেলায় হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভায় ককটেল হামলা চালানোর পর কর্মী-সমর্থকেরা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন ষ ছবি: প্রথম আলো
রাজশাহীর পবা উপজেলায় হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী সভায় ককটেল হামলা চালানোর পর কর্মী-সমর্থকেরা আতঙ্কে দিগ্বিদিক ছুটতে থাকেন ষ ছবি: প্রথম আলো

রাজশাহীর পবা উপজেলায় গতকাল বুধবার আওয়ামী লীগের নির্বাচনী সভায় হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া ককটেলের বিস্ফোরণে আহত হয়েছেন পাঁচজন। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে হামলা হয়েছে স্বতন্ত্র প্রার্থী ইউপিডিএফ নেতা প্রসিত বিকাশ খীসার একটি প্রচারের গাড়িতে। যশোরের মনিরামপুরে দুর্বৃত্তের ছোড়া পেট্রলবোমায় ঝলসে গেছেন আওয়ামী লীগের এক কর্মী।
রাজশাহীতে দলীয় সূত্রে জানা গেছে, পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন ও কাটাখালী পৌর আওয়ামী লীগের উদ্যোগে হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগদলীয় প্রার্থী আয়েন উদ্দিনের নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভা শুরু হওয়ার আগে বিকেল চারটার দিকে ১৫-২০ জন যুবক বিদ্যালয় মাঠের পশ্চিম দিক দিয়ে এসে সভাস্থলে ঢুকে পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে তাঁরা ‘নারায়ে তকবির’ স্লোগান দিতে দিতে মাঠের পূর্ব দিক দিয়ে পালিয়ে যান। এ সময় মাঠের পশ্চিম পাশে পুলিশ থাকলেও তারা এগিয়ে আসেনি।
ককটেলের বিস্ফোরণে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হানিফ মোহাম্মদসহ পাঁচজন আহত হন। হানিফ অভিযোগ করেন, হামলাকারীরা সবাই শিবিরের কর্মী। আওয়ামী লীগের প্রার্থী আয়েন উদ্দিন বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, তারাই হামলা করেছে।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘সভাস্থলে আগে থেকে ১০ জন পুলিশ ছিল। হামলাকারীরা পাশের আখখেত থেকে বেরিয়ে হঠাৎ হামলা করে।’
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা সদরে গতকাল বেলা তিনটার দিকে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী প্রসিত বিকাশ খীসার পক্ষে একটি চান্দের গাড়িতে করে মাইকিং করা হচ্ছিল। গাড়িতে তাঁর পক্ষের সাত-আটজন কর্মী ছিলেন। এ সময় অপর একটি গ্রুপের সদস্যরা গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। তখন দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।
প্রসিত খিসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টে (ইউপিডিএফ) সভাপতি। এই হামলার জন্য ইউপিডিএফ পার্বত্য চুক্তি পক্ষের একটি আঞ্চলিক দলকে দায়ী করেছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ হাজির হওয়ায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মনিরামপুরে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনিরামপুর উপজেলার মোবারকপুর গ্রামের বাসিন্দা উপজেলা আনছার-ভিডিপির সাবেক কমান্ডার ও আওয়ামী লীগের কর্মী মেহের আলী মঙ্গলবার রাতে বাড়ির বারান্দায় বসে খাচ্ছিলেন। এ সময় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে একটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরের পেছনের অংশ ও হাতসহ প্রায় ৬০ ভাগ ঝলসে গেছে।
মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মিকাইল হোসেন অভিযোগ করেন, ‘মেহের আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী। যে কারণে জামায়াত-শিবিরের লোকজন ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।’