রাজশাহীতে সর্বোচ্চ তাপে পুড়ে গেল লিচু
তাপ ছিল খুব৷ কত ডিগ্রি, তা চাষিরা মাপতে পারেননি। শুধু তাঁরা দেখলেন, গরম বাতাস এল। আর তাঁদের বাগানের সব লিচু পুড়ে বিবর্ণ হয়ে গেল। পরে তাঁরা জানতে পারলেন, রাজশাহীতে গত বুধবার ছিল নয় বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে দীর্ঘদিন ধরে ভালো বৃষ্টি হয়নি। ১ মে ঝড়ের পর ৩৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর ১২ মে ১৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়। এরই মধ্যে বুধবার তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৬ ডিগ্রি। এর আগে ২০০৫ সালে উঠেছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি।
দীর্ঘ অনাবৃষ্টি আর প্রচণ্ড খরায় রাজশাহী ও তার আশপাশের এলাকায় বাগানের লিচু নষ্ট হয়ে গেছে। লিচুচাষি ও ব্যবসায়ীরা বলছেন, বুধবার বিকেলে দক্ষিণ দিক থেকে গরম বাতাস আসে। তার পরই বাগানের সিংহভাগ লিচু পুড়ে যায়।
রাজশাহীর ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলিম উদ্দীন বলেন, একে সানবার্ন বলে। প্রচণ্ড খরার কারণে লিচুর এ সমস্যা হয়। তিনি বলেন, তাঁর গবেষণাকেন্দ্রের গাছের লিচুরও এ সমস্যা হয়েছে। গাছ তো আর ঢেকে রাখা সম্ভব না। ঈশ্বরদীর লিচুচাষি কিতাব আলী বলেন, সানবার্নের কারণে তাঁর বাগানের ২৫ শতাংশ লিচু পুড়ে নষ্ট হয়ে গেছে।