রাজশাহীতে সাংসদ বাদশার বিরুদ্ধে করা মামলা 'হাওয়া'
রাজশাহীর শাহ মখদুম কলেজের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সাংসদ ফজলে হোসেন বাদশার বিরুদ্ধে দায়ের করা মামলাটি ‘হাওয়া’ হয়ে গেছে। গত ১৪ অক্টোবর রাজশাহী সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে করা মামলাটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে মমতাজ সুলতানা ফারুকীর করা মামলায় কলেজ পরিচালনা কমিটি ও নিয়োগ পরীক্ষার সভাপতি হিসেবে ফজলে হোসেন বাদশাসহ নিয়োগ কমিটির সদস্যসচিব হিসেবে কলেজের অধ্যক্ষ ও বিষয় বিশেষজ্ঞসহ পাঁচজনকে বিবাদী করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী সৈয়দা শামসুন্নাহার গতকাল বলেন, ‘হঠাৎ করেই বাদী মামলাটি আর চালাতে না চাওয়ায় চার-পাঁচ দিন আগে মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ ফজলে হোসেন বাদশা বলেন, তিনি গতকাল খোঁজ নিয়ে জানতে পারেন আদালতে মামলাটি নেই। বাদী একতরফাভাবে মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন।
একই ধরনের অভিযোগের কারণে এর আগে গত বছর ১৩ অক্টোবরের পরীক্ষা এক দিন আগেই স্থগিত করা হয়। তখন এই মামলার বাদীর বাবা ফারুক আহাম্মেদ সিদ্দিকী একই অভিযোগ এনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশার কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগ পেয়ে সাংসদ ওই পরীক্ষা স্থগিত করেন। তিনি তখন মৌখিকভাবে আশ্বাস দেন। এই পরীক্ষা পরে নেওয়া হবে এবং অন্য বিশ্ববিদ্যালয় থেকে বিষয় বিশেষজ্ঞ আনা হবে।
কিন্তু পরবর্তী সময়ে গত ২৮ সেপ্টেম্বর পরীক্ষা নেওয়ার সময় কাকে বিশেষজ্ঞ আনা হবে তা গোপন রাখা হয়। এবার মৌখিক পরীক্ষার সময় প্রার্থীরা দেখতে পান আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকেই বিশেষজ্ঞ আনা হয়েছে। তার নাম কাজী জুলফিকার আলী। তিনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক।
পক্ষপাতিত্বের আশ্রয় নিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষকের স্ত্রী শাহানাজ বেগমকেই নিয়োগ দেওয়া হচ্ছে, এমন আশঙ্কা থেকেই বাদী মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক সুরাইয়া শাহাব মামলাটি আমলে নেন। মামলার পরে বাদী জানান, তিনি পরে জানতে পারেন ওই প্রার্থীকেই নিয়োগ দেওয়া হয়েছে।