রাজশাহীতে সাফমার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা
রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে দক্ষিণ এশিয়াভিত্তিক সাংবাদিকদের সংগঠন সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের (সাফমা) নেতারা গত রোববার মতবিনিময় করেছেন। এ উপলক্ষে মেট্রোপলিটন প্রেসক্লাবে সভার আয়োজন করা হয়। বেলা ১১টায় প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ার আলী। এতে সাংবাদিক নেতারা বলেন, শুধু ঢাকার সাংবাদিকেরা নয়, সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার সব দেশের সাংবাদিকদের সঙ্গে রাজশাহীর সাংবাদিকদের সেতুবন্ধ সৃষ্টি করতে হবে। আগামী শীত মৌসুমে সাফমার মাধ্যমে রাজশাহীর সাংবাদিকদের সঙ্গে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের জন্য সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শিগগিরই এ এলাকার সাংবাদিকদের নিয়ে একটি সেমিনার করা হবে। সভায় সাফমার সভাপতি ও ডেইলি নিউজ টুডে-এর সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক অর্থনীতির সম্পাদক জাহিদুজ্জামান ফারুক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি ও দৈনিক সোনার দেশ-এর নির্বাহী সম্পাদক আকবারুল হাসান, দৈনিক ইনকিলাব-এর ব্যুরোপ্রধান রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রাজশাহীর সাংবাদিকেরা তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।