রাজশাহীতে সালিসে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের দেওপাড়া এলাকায় গত বুধবার রাতে সালিসি বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর নাম আমিরুল ইসলাম (৫৫)। বাড়ি নগরের ডাঁশমারী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বিবদমান দুই পক্ষকে নিয়ে নগরের মতিহার থানার দেওয়ানপাড়া এলাকার পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সাবেক ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুসের কাঠের মিলে একটি সালিস ডাকা হয়। এর এক পক্ষ হচ্ছে আমিরুলের ছেলে মিলন এবং আরেক পক্ষ দেওয়ানপাড়া এলাকার কাঠ ব্যবসায়ী মহসীন আলী। এতে হরিয়ান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুুল মোত্তালেব মধ্যস্থতাকারী ছিলেন। মিলন অভিযোগ করেন, তিনি তাঁর তিন বন্ধুর সঙ্গে কাঠের ব্যবসা করেন। এখন থেকে নয় মাস আগে দেওয়ানপাড়া এলাকার মহসীন, ইউসুফ, ইসলামসহ কয়েকজন লোক ২৬ হাজার টাকার কাঠ কিনে নেন। কাঠের মূল্য বাবদ তাঁরা প্রথমে ২১ হাজার ৮০০ টাকা দেন। গত ২৮ মে মিলনের ব্যবসায়ের অংশীদার আমজাদ আলী মোত্তালেবদের কাছে বাকি চার হাজার ২০০ টাকা চাইতে গেলে মহসীন তাঁকে মারধর করে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা কেড়ে নেন। এ নিয়ে আমজাদ নগরের মতিহার থানায় একটি অভিযোগও করেন। এসব বিষয় নিয়ে বুধবার দিবাগত রাতে দেওয়ানপাড়া এলাকায় আবদুল কুদ্দুসের কাঠের মিলে সালিস বসে। এতে মিলনের পক্ষে অভিভাবক হিসেবে তাঁর বাবা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। মিলন অভিযোগ করেন, দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মহসীন, ইউসুফ, ইসলাম, বাবু, মুরাদসহ ১০-১২ জন তাঁর বাবার ওপর হামলা চালান। তাঁরা তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমিরুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ডাঁশমারী এলাকার লোকজন প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।