পুকুর ভরাট করে বাণিজ্যিক প্লট তৈরি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাজশাহী মহানগরের সাড়ে চার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় অনেক পরিবার চরম দুর্ভোগের শিকার হচ্ছে। অনেক বাড়িতে ঘরের দেয়ালও ভেঙে গেছে। ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে এই দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুধু ১৭ নম্বর ওয়ার্ডেই ছোট-বড় অন্তত ১০টি পুকুর ভরাট করে বাণিজ্যিক প্লট তৈরি করা হয়েছে। এর আগে ওই এলাকার বৃষ্টির পানি এসব পুকুরে গিয়ে জমত। এখন পানি নামার আর জায়গা নেই। এ কারণে বৃষ্টির পানি মানুষের ঘরে ঢুকে যাচ্ছে। ওয়ার্ডের উত্তর নওদাপাড়া (বিলপাড়া) এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই ধারে পানি থই থই করছে। স্থানীয় বাসিন্দা হেমায়েত সিদ্দিকী বলেন, নওদাপাড়া ট্রাকের টার্মিনাল করায় রাস্তার পাশের নালাটি বন্ধ হয়ে গেছে। তাই বৃষ্টি হলেও এই দিকের পানি মানুষের বাড়িঘরের ভেতর ঢুকে যাচ্ছে।নগরের টেক্সটাইল মিলের পেছনের এলাকায় একই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকার প্রয়াত আজিজুর রহমানের বাড়ির নিচতলা ডুবে রয়েছে। আজিজুর রহমানের স্ত্রী কামরুন্নাহার বলেন, এক সপ্তাহ আগে নিচতলার জিনিসপত্র ওপরে তুলে নিতে হয়েছে। এই অবস্থায় তাঁদের দুর্ভোগের শেষ নেই। তিনি বলেন, সামনে একটি সরু নর্দমা দিয়ে পানি নামছে। কিন্তু সারা দিন পানি নামার পর এক পশলা বৃষ্টি হলেই আবার আগে যে অবস্থা ছিল, তা-ই হয়। তিনি বলেন, তাঁর বাসার উত্তর পাশের সিটি বাইপাস সড়কের নিচ দিয়ে পানি বের হওয়ার ভালো ব্যবস্থা না থাকায় তাঁদের এভাবেই ডুবে থাকতে হচ্ছে।রায়পাড়া এলাকায় সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সুফিয়া খাতুনের বাড়িতেও পানি উঠেছে। সুফিয়া খাতুন বলেন, তাঁর রান্নাঘরের দেয়াল পড়ে গেছে। চেম্বারেও পানি উঠেছে। তাঁর সংরক্ষিত ১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রায় সাড়ে চার হাজার পরিবার এভাবেই পানিবন্দী বলে জানান তিনি।নগরের বাগানপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ৪০০ বাড়িতে পানি ঢুকে গেছে। এই এলাকার অটোরিকশার চালক সজীবের স্ত্রী দুলারী খাতুন বলেন, তাঁদের পাড়ায় এক সপ্তাহ আগে থেকে পানি জমে আছে। দুই দিন রোদ হলে একটু কমে, আবার এক দিন বৃষ্টি হলে আগের অবস্থায় চলে যায়। ওয়ার্ডের নগর মাতৃসদন কেন্দ্রটিও পানির মধ্যে রয়েছে। একই অবস্থা দেখা যায় নগরের পোস্টাল একাডেমি ও ছায়ানীড় আবাসিক এলাকায়।এদিকে ১৬ নম্বর ওয়ার্ডের শারীরিক শিক্ষা কলেজ ও নাহার একাডেমি এলাকাতেও ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ওয়ার্ডের কাউন্সিলর বেলাল আহাম্মেদ বলেন, তাঁর এলাকায় প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তারা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুল হক বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ, পুকুর ভরাট করে প্লট তৈরি, সর্বোপরি অপরিকল্পিত নগরায়ণের কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সমস্যা সমাধানের জন্য তাঁরা ২১৭ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। চলতি মাসেই প্রকল্পটি একনেকে যাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলেই এ সমস্যা আর থাকবে না।