রাজশাহীতে সিগারেট তৈরির নকল সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১৪
রাজশাহীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে নগরের তিনটি এলাকা থেকে একটি স্বনামধন্য ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।বিনোদপুর কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মঈন উদ্দীন মাহমুদ চৌধুরী জানান, পবা উপজেলার বাগসারা গ্রামে মেসার্স শফিক টোব্যাকো কোম্পানিতে, শাহ মখদুম থানার রাইস মিলপাড়া সপুরা এলাকায় মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় এবং বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় একটি বাড়িতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সামগ্রী জব্দ এবং ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সুলভ সাহা, আয়নাল হক, আবদুল জব্বার, আতাউর রহমান, রাজু মোল্লা, আলা উদ্দিন, আসলাম, রকিব, সিরাজুল ইসলাম, রেখা বেগম, তহমিনা খানম, সাহিদা, শাহানুর ইসলাম ওরফে মুকুল ও মজনু শেখ।র্যাব সূত্র জানায়, উদ্ধার করা নকল সিগারেট ও সামগ্রীর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।