রাজশাহীতে সেই উত্ত্যক্তকারী গ্রেপ্তার
থানায় মামলা ও স্থানীয়ভাবে সালিসের পরও মেয়ের কলেজে যাওয়ার পথে যারা রাস্তায় দাঁড়াত ও উত্ত্যক্ত করত, তারা রাস্তায়ই ছিল। কোনো উপায় না দেখে মেয়ের পড়াশোনার স্বার্থে বাবাকেই মেয়ের সঙ্গে কলেজে যেতে হতো। রাজশাহীর চারঘাট উপজেলার ওই ঘটনাটি নিয়ে পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়। গতকাল মঙ্গলবার ভোরে সেই বখাটে যুবকদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম মিঠন। তার বাড়ি চককৃষ্ণপুর গ্রামে।এ ব্যাপারে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রশিদ বলেন, উত্ত্যক্তের ঘটনায় মামলা হওয়ার পর মিঠন পালিয়ে ঢাকা গিয়েছিল। মিঠন ফিরে এসেছে—এ খবর পেয়ে তিনি কয়েক দিন থেকেই চককৃষ্ণপুর গ্রামে সাদা পোশাকের পুলিশ রেখেছিলেন। গতকাল ভোরে বাড়ির পাশের একটি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠনকে প্রথমে রাজশাহী মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হচ্ছে। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তর করা হবে।কলেজে যাওয়ার পথে চারঘাট উপজেলার জাহাঙ্গীরাবাদ গ্রামের এক মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত পাশের চককৃষ্ণপুর গ্রামের মিঠন ও তার দুই সহযোগী। এ নিয়ে এলাকায় তিন দফা সালিস বৈঠক হয়। এতে প্রতিকার না হওয়ায় মেয়ের বাবা বাধ্য হয়ে থানায় মামলা করেন। তার পরও উত্ত্যক্ত করা বন্ধ না হওয়ায় মেয়ের সঙ্গেই বাবাকে কলেজে যেতে হতো। এ ব্যাপারে গত ২৯ আগস্ট প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই দিন সকালে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ওই মেয়ের বাবাকে ডেকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।