রাজশাহীতে সেমাই কারখানা সিলগালা, জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায় অনুমোদনহীন একটি সেমাই কারখানাকে জরিমানা করাসহ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারখানাটির নাম ‘শাহী ফুড ইন্ডাস্ট্রিজ’। গতকাল রোববার এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআইয়ের উপপরিচালক রেজাউল করিম, মাঠকর্মী আমিনুল ইসলাম ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শিমুল আক্তার বলেন, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা সত্ত্বেও কারখানাটি তাঁদের উৎপাদিত পণ্যের গায়ে সংস্থাটির লোগো ব্যবহার করছে। রমজানের বাজার ধরতে তারা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত সেমাই ‘শাহী’ নাম দিয়ে বাজারে ছাড়ছিল। অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় কারখানার মালিক শেখ তোজাম্মেল আহাম্মেদকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।