রাজশাহীতে স্কুলের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর রিভারভিউ হাইস্কুলের নাম পরিবর্তন করে ‘রিভারভিউ কালেক্টরেট’ নামকরণ ও নির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদ বাদ দিয়ে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে গতকাল শনিবার আগের পর্ষদের সদস্য ও অভিভাবকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সাবেক সদস্য আসাদুজ্জামান, নূরুজ্জামান, জিয়াউল হক, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, রাজশাহী জেলা প্রশাসক এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি। তিনি বিধিবহির্ভূতভাবে কমিটি ভেঙে দেওয়ার জন্য এবং সাত সদস্যের একটি বিশেষ কমিটির জন্য শিক্ষা বোর্ডে আবেদন করেন। সেই সঙ্গে বিদ্যালয়ের নাম ‘রিভারভিউ কালেক্টরেট স্কুল’ করার জন্যও আবেদন করেন। শিক্ষা বোর্ড কোনো রকম তদন্ত ছাড়াই কমিটি বাতিল করে এবং নাম পরিবর্তনের অনুমতি দেয়। এ ব্যাপারে জেলা প্রশাসক শেফাউল করিম বলেন, বিদ্যালয়টি যেহেতু কালেক্টরেটের জায়গার ওপরে স্থাপিত, সে জন্য পুলিশ লাইনস স্কুল, ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের মতো এটি বিশেষ কমিটি দ্বারা পরিচালিত হবে এবং একই উদ্দেশ্যেই নাম পরিবর্তনের আবেদন করা হয়েছিল। শিক্ষা বোর্ড তার অনুমতি দিয়েছে। তিনি বলেন, বিদ্যালয়টির মানোন্নয়নের জন্যই এটা করা হয়েছে এবং যাতে সরকারি স্কুলের বাইরেও জেলায় একটি বেসরকারি স্কুল পড়াশোনায় সুনাম অর্জন করতে পারে। তিনি এর সূচনা করে যেতে চান।