রাজশাহীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২-এর বিচারক কে এম শহীদ আহাম্মেদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম সুজন আলী (৩০)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার পলাশবাড়ী গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সুজন তাঁর স্ত্রী সীমা খাতুনকে (২৫) যৌতুকের জন্য নির্যাতন করতেন। ২০১৩ সালের ১ মার্চ তিনি স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় সীমার বাবা রেজাউল হক দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুজন, তাঁর বাবা শামসুদ্দিন ও মা মেহের নিগারকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ সুজন আলীকে গ্রেপ্তার করে। গতকাল আদালতে এ রায় ঘোষণা করা হয়। সুজনের বাবা ও মাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মা-বাবাসহ সুজন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইসমত আরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল হামিদ।