রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে মো. মুজাহিদ (৫২) নামের এক ব্যক্তিকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার রাজশাহী বিভাগীয় বিশেষ দায়রা জজ-১ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মুজাহিদ (৫২) রাজশাহী নগরের রাজারহাতা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে মুজাহিদের সঙ্গে রাজশাহীর চারঘাট উপজেলার জাগীরপাড়া গ্রামের এছাহকের মেয়ে নিলুফা ইয়াসমিনের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে হয়। ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে নিলুফারের কলহ হয়। এ সময় স্বামী মুজাহিদ তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরের দিন নিলুফারের ছেলে নাহিদ চারঘাটে তার নানার বাড়িতে গিয়ে খবর দেয়। পরে নিলুফারের ভাই দুলাল হোসেন বাদী হয়ে মুজাহিদের বিরুদ্ধে রাজশাহী নগরের বোয়ালিয়া থানায় হত্যা মামলা করেন।