রাজশাহীতে স্পিরিট পানে চারজনের মৃত্যু তিনজন অন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলায় নেশা করার জন্য রেকটিফাইড স্পিরিট পান করে চারজনের মৃত্যু হয়েছে, অন্ধ হয়েছেন তিনজন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রামচন্দ্রপুর বাজারের একটি হোমিও ওষুধের দোকান থেকে স্পিরিট কিনে নিয়ে চারজন লোক একসঙ্গে পান করেন। পরে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত পর্যায়ক্রমে ওই চারজনের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার ভোরে সর্বশেষ মারা যান উপজেলার মাজভালাম গ্রামের যুবক আবদুল মালেক (১৯), গত সোমবার মারা যান একই গ্রামের ভোগা (৪০)। এর দুই দিন আগে শনিবার মারা যান রামচন্দ্রপুর গ্রামের আবদুল মোত্তালেব (৩০) এবং গত শুক্রবার মারা যান স্থানীয় চোলাই মদ বিক্রেতা আবু কালাম (৩০)। এ ছাড়া স্পিরিট পান করে অন্ধ হয়ে গেছেন রামচন্দ্রপুর ও মাজভালাম গ্রামের তিন ব্যক্তি।গতকাল সরেজমিনে দেখা গেছে, সব হোমিও ওষুধের দোকানই বন্ধ। স্থানীয় লোকজন জানান, চারজনের মৃত্যুর পর থেকে দোকানগুলো খোলা হয়নি।স্থানীয় কলেজের শিক্ষক রফিকুল ইসলাম জানান, রামচন্দ্রপুর ও পার্শ্ববর্তী মাজভালাম গ্রামের কয়েক শ লোক নেশার সঙ্গে জড়িয়ে পড়েছে। তারা দোকান থেকে রেকটিফাইড স্পিরিট কিনে পান করে। গ্রামের ভেতর তাড়ি তৈরির কারখানাও রয়েছে। তারা সেখান থেকে তাড়ি কিনে পান করে। তিনি আরও জানান, এতগুলো মানুষ মারা যাওয়ার পর এলাকার মানুষের বোধোদয় হয়েছে। গত সোমবার বিকেলে রামচন্দ্রপুর বাজারে একটি মাদকবিরোধী সভা আহ্বান করা হয়। সভায় ঘোষণা করা হয়, এই এলাকায় কেউ মাদক সেবন করলে তাঁকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে।