রাজশাহীতে স্বাচিপের সেই নেতাকে অব্যাহতির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মহিবুল হাসানকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার রাতে স্বাচিপের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।রাজশাহী মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভার একটি সূত্র জানায়, মহিবুল হাসানের ওপর হামলার নিন্দা জানানোর জন্যই মূলত সভা আহ্বান করা হয়। সভায় প্রথমে তাঁর ওপর হামলার নিন্দা জানানো হয়। কিন্তু পরে মহিবুল হাসানের কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে।সভায় উপস্থিত স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান শেখ বলেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষার জন্য মহিবুল হাসানকে স্বাচিপের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার রাতে নগরের লক্ষ্মীপুরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিজ চেম্বারে রোগী দেখার সময় মহিবুল হাসানকে মারধর করা হয়। পরে তাঁর অনুগত রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের একাংশ নগরের লক্ষ্মীপুরে ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাঙচুর করে। তারা কলেজের দুটি ছাত্রাবাসে হামলা চালিয়ে ছাত্রলীগের একাংশের সমর্থকদের সাতটি কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।এদিকে মহিবুল হাসানের ব্যাপারে গতকাল শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, বিএমএ ও স্বাচিপ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। মেয়রের কার্যালয়ে এ মতবিনিময় সভা হয়।সভায় উপস্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি সৈয়দ শাফিকুল আলম বলেন, মহিবুল হাসানকে রাজশাহীর বাইরে বদলি করার ব্যাপারে সবাই একমত পোষণ করেন।সভায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ গোলাম কিবরিয়া, হাসপাতালের পরিচালক আবদুস ছবুর মিঞা, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. ওবায়দুল্লাহসহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।এদিকে মহিবুল হাসান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী চলতি দায়িত্বের সহকারী অধ্যাপক হিসেবে মহিবুল হাসান ভিআইপি কেবিন পেতে পারেন না। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসার পর গতকাল তাঁকে কেবিন থেকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি হাসপাতাল ছেড়ে চলে যান।