রাজশাহীতে স্বাস্থ্য উপপরিচালকের কার্যালয় ঘেরাও
রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের টিউশন ফি নয়ছয় এবং শিক্ষকদের অন্যত্র বদলির চক্রান্ত করার অভিযোগে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও বর্তমান বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালকের কার্যালয় ঘেরাও করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাবেক অধ্যক্ষ তাঁদের টিউশন ফির টাকা নয়ছয় করে গত ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্য উপপরিচালক হিসেবে বদলি হয়ে আসেন। গতকাল আইএইচটির শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর কার্যালয় ঘেরাও করে রাখেন।
শিক্ষার্থীরা বলেন, প্রেষণে থাকা কিছু শিক্ষক দিয়ে তাঁদের ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। এখন সেই শিক্ষকদের অন্যত্র বদলি করার জন্য চক্রান্ত করছেন সাবেক অধ্যক্ষ। এ খবর পাওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা এসে উপপরিচালকের কার্যালয় ঘেরাও করেন। এ সময় উপপরিচালকের সঙ্গে তাঁদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
জানতে চাইলে উপপরিচালক গাজিউল আলম বলেন, টাকা নয়ছয় করা হয়নি। বিধি মোতাবেক খরচ করা হয়েছে। আর প্রেষণে যাঁরা রাজশাহীতে রয়েছেন, তাঁরা নিজেদের স্বার্থে রয়েছেন, প্রতিষ্ঠানের স্বার্থে নয়। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আইএইচটির কেউ শিক্ষার্থীদের লেলিয়ে দিয়েছে।