রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা কর্মকর্তা নিহত, আহত শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম (৩৭) উপজেলার দেবীপুর মোড়ে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রোববার বিদ্যালয় পরিদর্শন শেষে দপ্তরে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। এ সময় আহত হয়েছেন একজন শিক্ষক।
নিহত মাকসুদার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জের আমনুরা এলাকা থেকে চালকসহ ট্রাকটি আটক করে পুলিশ।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বলেন, গতকাল মাকসুদা একরাম বিদ্যালয় পরিদর্শনে বের হন। পরিদর্শন শেষে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে করে নিজ দপ্তরে ফিরছিলেন তিনি। পথে দেবীপুর মোড়ে একটি ট্রাক পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান শিক্ষা কর্মকর্তা মাকসুদা একরাম। এ সময় ট্রাকটি তাঁর ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি মির্জা আবদুস সালাম বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক আক্কাস আলীকে উদ্ধার করে দমকল বিভাগের কর্মীরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। মাকসুদা একরামের লাশও ওই হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরই ট্রাকটি পালিয়ে যায়। পরে আমনুরা থেকে চালকসহ সেটি আটক করা হয়।