রাজশাহীতে হঠাৎ জেঁকে বসেছে শীত
শেষ হচ্ছে অগ্রহায়ণ। শোনা যাচ্ছে পৌষের পদধ্বনি। এরই মধ্যে শীত আর কুয়াশায় হঠাৎ করেই যেন ঢাকা পড়ল রাজশাহীর সকাল। এভাবেই গতকাল সোমবার রাজশাহীতে হঠাৎ জেঁকে বসল শীত। আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ।
গতকাল সকাল নয়টায় রাজশাহীর তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। তবে টেকনাফেও ছিল একই তাপমাত্রা। রাজশাহীতে গতকাল সকাল নয়টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। ফলে শীতে জবুথবু মানুষ রাস্তায় নামে দেরিতে।
রাজশাহী আবহাওয়া কার্যালয় সূত্রে জানা গেছে, এই মৃদু শৈত্যপ্রবাহ থাকবে আরও দু-এক দিন। গতকাল সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। বেলা তিনটায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসের আর্দ্রতা ছিল ৪৬ শতাংশ। গত রোববার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি এবং তার আগের দিন ছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সাধারণত রাজশাহী নগরের বড়কুঠি নদীর ঘাট থেকে সকালেই নৌকা ছেড়ে যায় চার খিদিরপুরের উদ্দেশে। গতকাল সকাল নয়টার দিকে ওই ঘাটে গিয়ে দেখা যায়, কুয়াশায় ঘাটে বাঁধা নৌকা প্রায় দেখাই যায় না। যাত্রীও নেই তেমন। ঘাটিয়াল আলমগীর হোসেন বলেন, হঠাৎ শীত নামায় সবই যেন থমকে গেছে।
সকালের দিকে নগরের কুমারপাড়া এলাকায় পাওয়া যায় উপশহর নিউমার্কেট এলাকার রিকশাচালক মো. সালেককে। তিনি বলেন, আগের দিনের মতোই মাফলার ছাড়াই রিকশা নিয়ে বের হয়েছিলেন। কিন্তু রাস্তায় বের হয়ে শীতে আর টিকতে পারেননি। বাধ্য হয়ে বাসায় ফিরে মাফলার নিয়ে আবার বেরিয়েছেন।