রাজশাহীতে হত্যা, ঢাকায় ভর্তি বাণিজ্যে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যার সঙ্গে ও ঢাকা কলেজে ভর্তি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনা সম্পর্কে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে এ কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।প্রতিমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গত সোমবার রাতভর সশস্ত্র শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে শিবিরকর্মীরা পিছু হটলেও পরে পার্শ্ববর্তী গ্রাম থেকে সমর্থক জোগাড় করে তাঁরা আবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হামলা চালান। এতে একজন নিহত ও ১৮ জন আহত হয়।প্রতিমন্ত্রী জানান, মহাপুলিশ পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে। এ জন্য তিনি রাজশাহীতে আছেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী বিচারের উদ্যোগ বানচালের জন্য পরিকল্পিতভাবে সারা দেশে পরিস্থিতি তৈরি করতে শিবির মাঠে নেমেছে। চক্রান্ত-ষড়যন্ত্র উপেক্ষা করে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় যেভাবে কার্যকর করা হয়েছে, ঠিক একইভাবে যুদ্ধাপরাধের বিচারও করা হবে।ঘটনা ঘটার পর কেন অপরাধী ধরার নির্দেশ আসে, কেন ঘটনা ঘটার আগে বন্ধ করা যাচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঢাকাসহ সারা দেশে ভর্তি বাণিজ্যের নামে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, তা বন্ধেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দলমত বিচার না করে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তিনি শিক্ষামন্ত্রীকে মেধা ও নিয়ম অনুসরণ করে ভর্তির সুযোগ তৈরির অনুরোধ জানিয়েছেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা কলেজের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিকেল পাঁচটায় নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, তিনি বিশেষ কোনো নির্দেশ পাননি।