রাজশাহীতে হত্যা মামলায় এক ব্যক্তির ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে একটি হত্যা মামলায় এক আসামির ফাঁসি এবং অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রাজশাহী মহানগরের রাজপাড়া থানার মোল্লাপাড়া এলাকার আবদুল মালেক (৪২) ও জেলার পবা উপজেলার দারুশা গ্রামের জাহাঙ্গীর আলম (৩২)। তাঁদের মধ্যে মালেকের মৃত্যুদণ্ড এবং জাহাঙ্গীরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা কমিটির সদস্য আল-আমিনকে (২৯) হত্যার দায়ে আদালত তাঁদের এই সাজা দেন। নিহত আল-আমিন নগরের মোল্লাপাড়া এলাকার আবদুল ওহাবের ছেলে। আদালতের রাষ্ট্র পক্ষের কৌঁসুলি এন্তাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এন্তাজুল হক জানান, ২০১৩ সালের ৫ আগস্ট মোল্লাপাড়া এলাকায় তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনের ওপর হামলা চালান মালেক ও জাহাঙ্গীর। পূর্বশত্রুতার জেরে এই হামলা করা হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আল-আমিন।

এ ঘটনায় ওই দিন রাতে মালেক ও জাহাঙ্গীরকে আসামি করে নগরের রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন নিহত আল-আমিনের বাবা আবদুল ওহাব। এ মামলায় মোট ১৫ জনকে সাক্ষী করা হয়। তবে আদালত পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষেই এ রায় ঘোষণা করেন। বেলা একটায় রায় ঘোষণার সময় মামলার দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্না সাহা। আসামি পক্ষে ছিলেন একরামুল হক।