রাজশাহীতে হাইকোর্ট বেঞ্চের অধিবেশনের দাবি আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে এক বা একাধিক হাইকোর্ট বেঞ্চের অধিবেশন হওয়ার দাবি জানিয়েছেন রাজশাহীর আইনজীবীরা। রাজশাহী আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার দুপুরে এ দাবি জানান রাজশাহী আইনজীবী সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি নাজমুস সাদাত, সাধারণ সম্পাদক আফতাবুর রহমান প্রমুখ।
লিখিত বক্তব্যে নাজমুস সাদাত বলেন, সংবিধানের নির্দেশনার আলোকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক বা একাধিক হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই। সম্প্রতি প্রধানমন্ত্রী চট্টগ্রামে হাইকোর্টের অধিবেশন অনুষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধান বিচারপতি সিলেটে আইনজীবীদের এক সমাবেশে সেখানে হাইকোর্ট বেঞ্চের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলা হয়, উত্তরবঙ্গে প্রায় ছয় কোটি লোক বসবাস করে। দীর্ঘকাল থেকে বিভাগীয় বিচারালয়গুলো রাজশাহীতে অবস্থিত হওয়ায় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে রাজশাহীর কোর্ট-কাচারিতে মাঝেমধ্যেই এই অঞ্চলের মানুষেরা আসছে। তাই রাজশাহী আইনজীবী সমিতির সদস্যরা রাজশাহীতে এক বা একাধিক হাইকোর্ট বেঞ্চের অধিবেশন করার দাবি জানাচ্ছেন।