রাজশাহীতে হামলায় আহত পুলিশের দুই সদস্য শঙ্কামুক্ত

রাজশাহীতে গতকাল মঙ্গলবার শিবিরের নেতা-কর্মীদের হামলায় আহত পুলিশের দুই সদস্য এখন শঙ্কামুক্ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান, হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের দুই সদস্যের মধ্যে আজ বুধবার সকালে আমজাদ হোসেনকে রাজশাহী পুলিশ লাইন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি মোটামুটি শঙ্কামুক্ত। তবে অপর পুলিশ কনস্টেবল শফিকুল ইসলামের মাথায় গুরুতর জখম রয়েছে। তিনিও বিপদমুক্ত। তবে হামলায় তাঁর একটি হাত ভেঙে গেছে। এ হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৪৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি করেন। পুলিশ এ ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে আটক করেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, হামলার পর থেকে পুলিশ অভিযান শুরু করেছে। এই অভিযান চলবে। তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন, শিবিরই এই হামলা চালিয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরের সপুরা এলাকার পাশে আলিফ লাম মিম ইটভাটার সামনে পুলিশের গাড়িতে হামলা করে বন্দুকে কেড়ে নিয়ে পুলিশকে পেটানো হয়।
অবরোধের কারণে রাজশাহীতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। তবে ট্রেন ও হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নগরে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।