রাজশাহীতে হামলায় আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত বুধবার রাজশাহী নগরের শিরোইল এলাকায় এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে নগরের লক্ষ্মীপুরে ওই দিনই মিছিল হয়েছে।
হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামানের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে নগরের বোয়ালিয়া মডেল থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের মধ্যে মহানগর যুবলীগের সভাপতি রমজান আলীর সহযোগী সুজনও রয়েছেন। পুলিশ খাইরুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুরে আসাদুজ্জামানের ভাই আক্তারুজ্জামানসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্য মাইক্রোবাসে জেলার বাঘার উদ্দেশে রওনা হন। নগরের শিরোইল এলাকায় শুভ পেট্রল পাম্পের পশ্চিমে অটোরিকশার গ্যারেজের সামনে পৌঁছালে মাইক্রোবাসের গতি রোধ করে ২০-২৫ জন সন্ত্রাসী। এ সময় তারা রড ও লাঠিসোঁটা দিয়ে আক্তারুজ্জামান ও তাঁর ছেলে অনিককে মারধর করতে থাকে।
আক্তারুজ্জামান মুঠোফোনে বিষয়টি তাঁর ভাই আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামানকে জানালে তিনি দ্রুত সেখানে উপস্থিত হন। সন্ত্রাসীরা তাঁর ওপরও হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আসাদুজ্জামানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন, ‘সুজন আমার কাছের লোক হলেও আওয়ামী লীগের নেতা আসাদের (আসাদুজ্জামান) ওপর হামলা সম্পর্কে আমি কিছুই জানি না। আসাদই ভালো বলতে পারবেন, কেন তাঁর ওপর হামলা হয়েছে।’
আসাদুজ্জামান বলেন, ‘আমাদের ওপর কেন এভাবে হামলা চালানো হলো, তা বলতে পারব না। তবে এটি পরিকল্পিত। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
এ ব্যাপারে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবদুস সোবহান জানান, ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।