রাজশাহীতে হাসপাতালে দুই করোনা রোগীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা ‘পজিটিভ’ রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ও গতকাল শুক্রবার রাতে তাঁরা মারা যান।

একজনের নাম শহীদুল্লাহ (৫৫)। তিনি রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় বাস করতেন। গ্রামের বাড়ি জেলার মোহনপুর উপজেলায়। অপরজনের নাম হাফিজুর রহমান (৪৭)। তাঁর বাড়ি পাবনায়। তিনি পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই রোগীই করোনা পজিটিভ হওয়ার পর হাসপাতালে এসেছিলেন। শহীদুল্লাহ কয়েক দিন আগে থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন। সেখানেই আজ সকাল সাড়ে নয়টায় মারা গেছেন। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

হাফিজুর রহমানকে গতকাল রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে হাসপাতালের ২৯ নম্বর করোনা ইউনিটে ভর্তি করা হয়। রাত ১২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহীর বিভাগীয় পরিচালক কায়সার পারভেজ বলেন, তাঁদের সংগঠনের রাজশাহী শাখার নির্বাহী স্বেচ্ছাসেবক সাইদুল ইসলামের নেতৃত্বে লাশ দুটি স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রক্রিয়া চলছে।

রাজশাহীতে গতকাল পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১২। এর মধ্যে রাজশাহী মহানগরেরই ১০১ জন।