রাজশাহীতে হিজবুত তওহিদের ৮ কর্মী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গ্রেপ্তার হওয়া হিজবুত তওহিদের আট কর্মীকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। রাজশাহীর মহানগর হাকিমের আদালত গতকাল বৃহস্পতিবার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের একাংশ হিজবুত কর্মীদের পক্ষে শুনানিতে অংশ নেওয়ায় সরকার সমর্থক অপর আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহীর নগরের নতুন বুধপাড়া ও বাজে কাজলা এলাকা থেকে ২৬ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হিজবুত তওহিদের কর্মী শফিকুল ইসলাম, ইসলাম উদ্দিন, সাহাবুল ইসলাম, শিলা খাতুন, মিনা বেগম ও ডলি বেগমকে দ্বিতীয় দফায় এবং গত ১ অক্টোবর বুধপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা একই সংগঠনের কর্মী পিয়ারুল ইসলাম ও রবিউল আওয়ালকে প্রথমবারের মতো জিজ্ঞাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আসামিদের উপস্থিতিতে গতকাল দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয়। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) শামীম আক্তার, নূরুল ইসলামসহ কয়েকজন। আসামিদের পক্ষে ছিলেন এপিপি শওকত শিরাজি সালেহীন এবং মোখলেসুর রহমান ও হোসেন আলী। শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে হাকিম জিয়াউর রহমান আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে হিজবুত তওহিদের মতো সংগঠনের কর্মীদের পক্ষে সরকার সমর্থক কয়েকজন আইনজীবীর অংশ নেওয়ার ঘটনায় সরকার সমর্থক অন্যান্য আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। পিপি ইব্রাহিম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটা একটা নৈতিক ব্যাপার। আমরা একটা আদর্শের রাজনীতি করি। সরকারকে সমর্থন করি। তাই নীতিগতভাবে আমরা উগ্র মৌলবাদী সংগঠন হিজবুত তওহিদের কর্মীদের পক্ষে অবস্থান নিতে পারি না।’হিজবুত তওহিদের কর্মীদের পক্ষ নেওয়া সরকার সমর্থক আইনজীবী মোখলেসুর রহমান নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবি করে বলেন, ‘আমি ওই আসামিদের স্রেফ মক্কেল হিসেবে দেখছি। চার-পাঁচ বছর আগেও এই তাঁদের আটক করা হয়েছিল। তখনো আমি তাঁদের পক্ষে দাঁড়িয়েছিলাম। সেই সুবাদে এবারও তাঁরা আমার কাছে এসেছেন। আমি তাঁদের আইনি সহযোগিতা দিচ্ছি।’