রাজশাহীতে হয়ে গেল মিনি ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল শুক্রবার সকালে ১০ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ২২২ জন প্রতিযোগী এতে অংশ নেন।
রাজশাহী কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম এলাকা থেকে শুরু হয়ে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই দৌড় একই স্থানে এসে শেষ হয়। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি মুসা ইব্রাহীম। সকাল সাতটা থেকে শুরু হয় ম্যারাথন দৌড়। ২২২ জন প্রতিযোগী দৌড় শুরু করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জন প্রতিযোগী গন্তব্যে পৌঁছান।
‘নীল সাগর গ্রুপ রাজশাহী স্কাই মিনি ম্যারাথন প্রতিযোগিতা’য় প্রথম স্থান অধিকার করেন রোমেজ বিশ্বাস, দ্বিতীয় হন আহসান হাবিব ও তৃতীয় স্থান অধিকার করেন ওসমান গনি।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুলতান আবদুল হামিদ, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মনিরুজ্জামান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান।