রাজশাহীতে ১০ মাসে ১২ গুম ও খুন
রাজশাহীতে গত প্রায় ১০ মাসে ১২টি গুম ও খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ব্যবসায়ীকে কেটে নয় টুকরো করা, আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা, সাত বছরের শিশুকে বস্তাবন্দী করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার মতো ঘটনাও রয়েছে।গত ১৫ ফেব্রুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সংঘটিত ওই সব হত্যার ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। তবে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। সামাজিক অবক্ষয়ের কারণে হত্যাকান্ডগুলো ঘটেছে। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নগরের মতিহার থানার একটি আখখেত থেকে নার্গিস (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ওড়না পেঁচানো অবস্থায় আখগাছের সঙ্গে বাঁধা ও মুখ থেঁতলানো ছিল। এ ব্যাপারে মতিহার থানার পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে। ২৯ নভেম্বর দুর্গাপুর উপজেলার চকজয়নগর বিল থেকে হাত-পা বাঁধা বস্তাবন্দী অজ্ঞাতপরিচয় এক তরুণের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। ২২ অক্টোবর রাজশাহীর পদ্মা নদী থেকে এক ব্যবসায়ী তৌফিকুল ইসলামের (৩৭) লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি যশোরের ঝিকরগাছার গুলগফফর গ্রামে। এ ব্যাপারে নিহতের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক শরীফুল ইসলাম মামলা করলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ১০ জুলাই গোদাগাড়ীতে সিমলা দীঘিপাড়া গ্রামের একটি গাছে বাঁধা অবস্থায় মরিয়ম মুর্মু (৫০) নামের আদিবাসী এক নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে আসামিরা স্বীকার করে। এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। আসামিরা সবাই জেলহাজতে। ১ জুলাই নগরের রাজপাড়া থানার পুলিশ সিলিন্দা অভয়ের মোড় এলাকায় তালাবদ্ধ একটি ঘর থেকে গৃহবধূ সাজেদার (৩০) লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, প্রায় ১০ দিন আগে তাঁকে হত্যা করে ঘরে তালা দিয়ে রাখা হয়। এ ঘটনায় সাজেদার মা রাখি বেওয়া জামাতা হারুনুর রশিদ ও তাঁর দ্বিতীয় স্ত্রী পলিসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামে মামলা করেন।২৩ জুন মোহনপুর উপজেলার ধোরশা গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সুইটি আক্তারের (৭) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। একই গ্রামের ফারুক হোসেন (২০) প্রথম শ্রেণীর ছাত্রী শিশুটিকে স্বর্ণের দুল দেওয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে হত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ১৩ এপ্রিল রাজশাহী নগরের একটি বাসা থেকে ব্যবসায়ী আমিনুল হকের (৪৫) নয় টুকরো লাশ উদ্ধার করা হয়। আমিনুলকে জিম্মি করে তাঁর স্ত্রীর কাছ থেকে মুক্তিপণ হিসেবে ১৯ লাখ ৪৮ হাজার টাকা আদায়ের পরও তাঁকে হত্যা করা হয়। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। এর ১০ দিন পর আরেক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। কঙ্কাল ব্যবসায়ী দুই বন্ধু ওই ব্যবসায়ীকে খুন করে লাশ পুঁতে তার ওপর কচুগাছ লাগিয়ে দেন। ১৭ দিন পর র্যাব সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজের ক্যানটিনের পেছন থেকে লাশটি উদ্ধার করেন। সচেতন নাগরিক কমিটি রাজশাহীর আহ্বায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘এসব হত্যাকাণ্ড আইনশৃঙ্খলার শৈথিল্য ও সামাজিক অস্থিরতার বহিঃপ্রকাশ।’ রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) মোর্শেদুল আনোয়ার খান দাবি করেন, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা। সামাজিক অবক্ষয়ের কারণে ঘটছে। একে আইনশৃঙ্খলার অবনতি বলা যায় না। আমরা কয়েকটি হত্যাকাণ্ডের তথ্য উদ্ঘাটন করেছি। আসামিরা বিচারের মুখোমুখি হয়েছে।’ প্রায় একই কথা বলেন রাজশাহীর পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন।