রাজশাহীতে ১২ ভূমি কর্মকর্তা একযোগে ছুটিতে, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলার ১২টি ভূমি কার্যালয়ে গতকাল বুধবার কোনো কাজ হয়নি। খাজনা পরিশোধসহ বিভিন্ন কাজে এসে শত শত মানুষ ফিরে গেছেন। কার্যালয়গুলোর ১২ জন কর্মকতা একযোগে ছুটি নেওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। রাজশাহীর জেলা প্রশাসক দিলোয়ার বখত বলেন, বুধবার কোনো সরকারি ছুটি নেই। একসঙ্গে এত কর্মকর্তা ছুটিতে থাকার কথা নয়। তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন। গতকাল সকালে রাজশাহীর বিভিন্ন ভূমি কার্যালয় থেকে ভুক্তভোগীরা ফোন করে জানান, তাঁরা ভূমি কার্যালয়গুলোতে খাজনা দিতে এসে কোনো কর্মকর্তাকে পাচ্ছেন না। জানা গেছে, রাজশাহীর ১২ জন কর্মকর্তা গতকাল ছুটি নিয়ে একসঙ্গে বেড়াতে গেছেন। ফলে ওই কার্যালয়গুলোর বেশির ভাগই বন্ধ ছিল। কার্যালয়গুলো হচ্ছে, রাজশাহী নগরের বোয়ালিয়া থানা সদর ও সপুরা বড় কুঠি ভূমি কার্যালয়, পবা উপজেলার রামচন্দ্রপুর সদর, বড়গাছি ও দারুশা কার্যালয়, গোদাগাড়ির বাসুদেবপুর, বাঘার মনিগ্রাম ও আড়ানী, চারঘাট সদর, চারঘাটের কাপাসিয়া, মোহনপুরের ভোরষা এবং তানোরের কামারগাঁ। বোয়ালিয়া থানার সপুরা বড় কুঠি ভূমি কার্যালয়ে খাজনা দিতে এসেছিলেন নগরের বড় বনগ্রাম এলাকার আব্দুস সামাদ। তিনি প্রথম আলোকে জানান, তিনি ১৫ হাজার টাকা খাজনা দিতে চেয়েছিলেন। কিন্তু ভূমি কার্যালয়ে কাউকে পাননি। তাঁর মতো অনেকেই খাজনা দিতে না পেরে ফিরে গেছেন। গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে বড়কুঠি ভূমি কার্যালয় বন্ধ পাওয়া যায়। কার্যালয়ের আঙিনার চা-দোকানি হাসান বলেন, বৃহস্পতিবার বিজয় দিবস, পরের দুই দিন শুক্র ও শনি সাপ্তাহিক ছুটি। এর সঙ্গে তাঁরা বুধবার ছুটি নিয়ে কক্সবাজার বেড়াতে গেছেন। হাসান জানান, সারা দিনে অনেক মানুষ এসে ভূমিসংক্রান্ত কাজ করতে না পেরে ফিরে গেছেন। পবা উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার নেসার উদ্দিন বলেন, বড়কুঠি ও দারুশা ভূমি কার্যালয়ের দুজন কর্মকর্তা ছুটি নিয়েছেন। তবে দারুশায় ভূমি সহকারী কর্মকর্তা ছুটি নিলেও ভূমি উপসহকারী কর্মকর্তা ছিলেন। কার্যালয়টি খোলা ছিল।