রাজশাহীতে ১৮ দলের মিছিলে কাদের মোল্লার পক্ষে স্লোগান
‘এই দেশ সেই দেশ, কাদের মোল্লার বাংলাদেশ’, ‘কাদের মোল্লার রক্ত, বৃথা যেতে দেওয়া হবে না’; ‘জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, গণজাগরণ মঞ্চের আস্তানা/ইমরানের আস্তানা’। ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে রাজশাহীতে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মিছিল থেকে এসব স্লোগান দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে অবরোধের সমর্থনে রাজশাহী মহানগরের কাদিরগঞ্জ এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে এই মিছিল বের করা হয়। ১৮ দলের ব্যানারে এই মিছিলে অংশ নেন বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটের নেতা-কর্মীরা। মিছিলের সামনে অংশ নেন মহিলা দল ও মহিলা জামায়াতের নেত্রী ও কর্মীরা। তাঁদের পেছনে ১৮ দলের ব্যানার নিয়ে ছিলেন মিজানুর রহমান এবং বিএনপির কেন্দ্রীয় ও সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
এর পরের অংশে ছিলেন জামায়াত-শিবির ও ইসলামী ঐক্যজোট এবং তাদের পেছনে মহানগর ছাত্রদলের নেতা-কর্মীরা ছিলেন। মিছিলে বিএনপির অংশে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও অবরোধের সমর্থনে স্লোগান দেওয়া হলেও জামায়াত-শিবির ও ইসলামী ঐক্যজোটের অংশে পুরোটায় স্লোগান দেওয়া হয় কাদের মোল্লার পক্ষে এবং গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে। মিছিলটি রাজশাহী কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিজানুর রহমান ছাড়াও বক্তব্য দেন মোসাদ্দেক হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক, মহানগর জামায়াতের সেক্রটারি ইমাজ উদ্দিন মণ্ডল, মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুস সামাদ প্রমুখ।