রাজশাহীতে ১৮০০ টেলিফোন অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারের কার্যালয়সহ রাজশাহী নগরের এক হাজার ৮০০ টেলিফোন ও দাপ্তরিক ফ্যাক্সযন্ত্র এক সপ্তাহ ধরে অচল পড়ে আছে।রাজশাহী বিভাগীয় প্রকৌশলী-ফোনসের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাতে নগরের ভেড়িপাড়া এলাকায় মাটির নিচের লাইনের প্রায় সাড়ে ৩০০ মিটার তার চুরি হয়। সরকারি হিসাবে এ তারের মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ কারণে এসব ফোন অচল হয়ে গেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয়ের একজন কর্মচারী বলেন, সাত দিন থেকে তাঁদের টেলিফোনের পাশাপাশি অতি জরুরি ফ্যাক্সবার্তা আদান-প্রদান বন্ধ রয়েছে। শুধু জরুরি কথা মুঠোফোনে সেরে নিতে হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের চিকিৎসক জোহা এম এম হোসেন বলেন, তিনি নগরের মহিষবাথান এলাকায় থাকেন। ২৭ এপ্রিল সকাল থেকেই তাঁর টেলিফোন লাইনটি অচল হয়ে রয়েছে। তিনি একাধিকবার অভিযোগ দিয়েছেন, কিন্তু ফোনটি ঠিক হয়নি। রাজশাহী বিভাগীয় প্রকৌশলী-ফোনসের উপবিভাগীয় প্রকৌশলী সাধন চন্দ্র রায় বলেন, ২৭ এপ্রিল সকালে তাঁরা গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পান। পরে খোঁজ নিয়ে দেখেন ম্যানহোলের ঢাকনা সরিয়ে তার চুরি করা হয়েছে। তিনি বলেন, তারের জন্য ঘটনার পরপরই মহাব্যবস্থাপকের কার্যালয়ে লেখা হয়েছে। এখনো তার এসে পৌঁছায়নি। তাঁরা পরিত্যক্ত কিছু তার পেয়েছেন, সেগুলো দিয়েই মেরামতের কাজ করছেন। অল্প কিছু লাইন তিন-চার দিনের মধ্যে চালু হতে পারে। তবে সব টেলিফোন কবে নাগাদ চালু হতে পারে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হারানো তারের কোনো খোঁজ পাওয়া যায়নি।