রাজশাহীতে ২০ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত
রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের খিরশিনটিকর গ্রামে ২০ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়েছে। রাজশাহীর সিভিল সার্জন গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।পবা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন প্রথম আলোকে জানান, এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রিচার্ড সরেনকে প্রধান করে চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিম ওই গ্রামে গিয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে।গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৩৫) জানান, ৩ আগস্ট গ্রামের একজন ব্যবসায়ীর একটি ভারতীয় গরু অসুস্থ হয়ে পড়ে। গরুটি জবাই করে তাঁরা সবাই মাংস ভাগাভাগি করে নেন। এই মাংস যাঁরা কাটা-ধোয়ার কাজ করেছেন, তিন দিন পর থেকে তাঁদের শরীরে ফোসকা পড়ে। পরে অসুস্থতা বাড়তে থাকলে তাঁরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তিনি বলেন, তিনি ও তাঁর স্ত্রী আদুরী খাতুন মাংস কাটা ও ধোয়ার কাজ করায় তাঁরা দুজনেই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।গ্রামবাসী জানায়, আক্রান্ত ২০ জনের মধ্যে খোকন আলীর (২৭) অবস্থা গুরুতর। তাঁর হাতের ঘা কমছে না। মুখও ফুলে গেছে।জানতে চাইলে রাজশাহীর সিভিল সার্জন শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, অসুস্থ গরুর মাংস খেয়ে গ্রামবাসী অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসা নেওয়ার পর তাঁরা এখন শঙ্কামুক্ত।